বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা

গণসংহতি আন্দোলনের এই রূপরেখাটি শুধু একটা রাজনৈতিক দলিল নয়, বরং বাংলাদেশকে একটি বৈষম্যহীন, মানবিক ও প্রকৃতিবান্ধব রাষ্ট্রে পরিণত করার জন্য একধরনের সাংবিকল্পনার মানচিত্র। ফ্যাসিবাদী শাসনের পতনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে—আমরা পুরনো সেই একই কাঠামোতে ফিরে যাব, নাকি শুরু করব রাষ্ট্র ও সমাজের আমূল বিনির্মাণ। এই রূপরেখা সেই বিনির্মাণের পথ দেখায়।

এখানে একদম গোড়া থেকে কথা বলা হয়েছে। বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে লড়ে আসছেন তাঁর অধিকার আর ন্যায্য ব্যবস্থার জন্য। সূফী-বৈষ্ণব আন্দোলন থেকে শুরু করে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তেভাগা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ—এই ধারার মধ্য দিয়ে এ দেশের মানুষ বারবার প্রমাণ করেছে, তারা শোষণ আর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। কিন্তু মুক্তিযুদ্ধের পর রাষ্ট্র গঠনে ভুল পথে হাঁটা শুরু হয়। সংবিধানেই এমন কাঠামো বানিয়ে দেওয়া হয়েছিল যার ভিত্তিতে গড়ে ওঠে ব্যক্তিকেন্দ্রিক, আমলাতান্ত্রিক ও চূড়ান্ত পর্যায়ে ফ্যাসিবাদী শাসন। ২০১৪ ও ২০১৮ সালের ভোটডাকাতির পর তা চরম আকার ধারণ করে। কিন্তু এখন সেই ফ্যাসিবাদ অতীত। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ দেখিয়ে দিয়েছে, তারা আর চাপা থাকবে না।

প্রশ্ন হলো, এই পতনের পর কী করণীয়? রূপরেখাটি সাতটি মোটা দাগে উত্তর দিয়েছে।

প্রথমত, বাংলাদেশের ভৌগোলিক ও প্রাকৃতিক অস্তিত্ব রক্ষা। বৈশ্বিক উষ্ণায়ন, নদীর মৃত্যু, বন উজাড়, বায়ু ও পানিদূষণ—এসব আজ শুধু পরিবেশের সমস্যা নয়, বরং টিকে থাকার প্রশ্ন। ভারতের একতরফা পানিপ্রবাহ বন্ধ করে ন্যায্য হিস্যা আদায়, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করে জৈব চাষ, নদী ও জলাধার দখলমুক্ত করা—এই রূপরেখা প্রকৃতিকে শুধু সুরক্ষিত নয়, বরং মানুষ–প্রকৃতির মেলবন্ধনের নতুন দর্শন দিয়েছে।

দ্বিতীয়ত, সব মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তা। একটি গণতান্ত্রিক সমাজের প্রথম শর্ত হলো চিন্তার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, সংগঠিত হওয়ার স্বাধীনতা। ফ্যাসিবাদের আমলে গুম, খুন, ক্রসফায়ার, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো দমনমূলক আইন বাতিল করে তৈরি করতে হবে সত্যিকার গণতান্ত্রিক আইনকাঠামো। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সাম্প্রদায়িক হামলা বন্ধ করতে হবে। নারীর অধিকার প্রসঙ্গে বলা হয়েছে—সম্পত্তি ও চাকরি থেকে শুরু করে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার, প্রজনন স্বাস্থ্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা, এমনকি গার্হস্থ্য শ্রমে সমান অংশীদারিত্ব। শুধু নারী-পুরুষ নয়, অন্যান্য লিঙ্গীয় পরিচয়ের মানুষের মর্যাদাও এখানে গুরুত্ব পেয়েছে। পাহাড়ি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার, ভাষা ও সংস্কৃতির সুরক্ষার কথাও বলা হয়েছে।

তৃতীয়ত, জাতীয় উৎপাদনী খাতের উন্নয়ন। এ দেশের অর্থনীতির মূল সমস্যা হলো এর অনুৎপাদক লুটেরা চরিত্র। ব্যাংক লোপাট, পাচার, খেলাপি ঋণ, লবিস্ট ও ঠাকুরগিরির অর্থনীতি বন্ধ করে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগকারী ও প্রবাসী আয়কে উৎপাদনশীল কাজে লাগানোর পরিকল্পনা আছে। কৃষি সমবায়ের মাধ্যমে কৃষককে ন্যায্যমূল্য নিশ্চিত করা, ভূমি সংস্কার করে জমির বৈষম্য কমানো, জ্বালানি নিরাপত্তায় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ—এই রূপরেখা লুটেরা অর্থনীতির বদলে এক উৎপাদনমুখী দেশীয় অর্থনীতি গড়ার স্বপ্ন দেখায়।

চতুর্থত, মানুষের জীবনযাপনের সুস্থতা ও চিন্তার বিকাশ। শিক্ষাকে পরীক্ষামুখী মুখস্থবিদ্যা থেকে মুক্ত করে সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পাঠদানে রূপান্তর করতে হবে। মাতৃভাষায় শিক্ষা, ইতিহাসের বিকৃত বয়ান বন্ধ করে জনগণের প্রকৃত ভূমিকা ফিরিয়ে আনা, শিক্ষকদের মর্যাদা ও বেতন কাঠামোর উন্নয়ন—এসব প্রস্তাব আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবেশদূষণজনিত অসুখ কমানো, সার্বজনীন স্বাস্থ্যকার্ড চালু, স্বাস্থ্যখাতে জিডিপির ৫ ভাগ বরাদ্দ, গ্রাম ও দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত—এগুলোকে মৌলিক অধিকার হিসেবে দেখানো হয়েছে। সংস্কৃতির প্রসঙ্গে বলা হয়েছে, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যকে ধারণ করে নির্মাণ করতে হবে এক অপঔপনিবেশিক, ভোগবাদবিরোধী গণসংস্কৃতি।

পঞ্চমত, কর্মসংস্থান, মজুরি ও আয়–ব্যয়ের সামঞ্জস্য। জাতীয় ন্যূনতম মজুরি চালু করে চার সদস্যের পরিবারের খাদ্য, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার যোগান নিশ্চিত করতে হবে। শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, প্রবাসী শ্রমিকদের কল্যাণ তহবিল ও পেনশন, সিন্ডিকেট উচ্ছেদ—এসব প্রস্তাবের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানোর কথা বলা হয়েছে।

ষষ্ঠত, রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক রূপান্তর। এখানে সবচেয়ে বড় প্রস্তাব হলো—একটি নতুন সংবিধান সভার নির্বাচন। ১৯৭২ সালের দলীয় সংসদে চাপিয়ে দেওয়া সংবিধান নয়; জনগণের সরাসরি অংশগ্রহণে, সকল পক্ষের মতামতের ভিত্তিতে রচনা করতে হবে নতুন সংবিধান। প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতার বদলে হবে ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ নিয়োগপদ্ধতি। ৭০ অনুচ্ছেদ বাতিল করে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। স্থানীয় সরকারকে প্রকৃত ক্ষমতা দিয়ে আমলাতান্ত্রিক কর্তৃত্বের বদলে গণক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। প্রদেশ ও সংসদের উচ্চকক্ষ গঠন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী করা—এসব এই রূপরেখার মূল স্তম্ভ।

সপ্তমত, বৈদেশিক নীতি ও জাতীয় প্রতিরক্ষা। এক মেরুতে না ঝুঁকে সমমর্যাদার ভিত্তিতে সব রাষ্ট্রের সাথে সম্পর্ক, ভারতকেন্দ্রিক আঞ্চলিক আধিপত্যের মোকাবেলায় আঞ্চলিক জোট ও জনগণের সংহতি, গোপন চুক্তি বাতিল করে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা—এসব নীতি প্রস্তাব করা হয়েছে। সেনাবাহিনীকে গণমুখী করতে হবে, জনগণকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে গণপ্রতিরক্ষা ব্যবস্থা।

এই রূপরেখা কোনো নির্বাচনী ইস্তেহার নয়, যা ভোটের পর ভুলে যাওয়া যাবে। এটি জাতীয় মুক্তির দিশা। এখানে বলা প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজন জীবনপণ সংগ্রাম। এই সংগ্রামের উত্তরাধিকার আমাদের হাজার বছরের লড়াইয়ের—ফকির-সন্ন্যাসী থেকে তেভাগা, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। আজ সেই ধারাবাহিকতায় দাঁড়িয়ে আমরা নতুন এক বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে। ইতিহাস সেই কর্তব্য আমাদের হাতে তুলে দিয়েছে। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার, পুরনো কাঠামো ভাঙার আর জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার।

সম্পূর্ণ ডকুমেন্ট অনলাইনে পড়ুন অথবা ডাউনলোড করুন